নৃত্যপরা/ কলমে অ য় ন প ত্র ন বি শ (দাঘ)
নৃত্যপরা
অ য় ন প ত্র ন বি শ (দাঘ)
পায়ের নিচে জ্বলন্ত অঙ্গার পেতে জীবন বললো - ছন্দ মেলাও ...
ঝলসে যেতে যেতে আমি ঈশ্বরকে বললাম - এ কেমন ছন্দ মেলানোর আদেশ প্রভু ?
ঈশ্বর কিছুক্ষণ মৌন থেকে
অস্ফূটে বললেন , "ছন্দ মেলাও ..."
বললাম - আমার পায়ের নিচে জ্বলন্ত অগ্নিকণা স্থির হতে দিচ্ছে কই !
এ যন্ত্রণা যে সহ্য হয় না আর !
ঈশ্বর আবারও বললেন - "ছন্দ মেলাও...।"
বললাম - আমি ক্লান্ত
তিনি বললেন - "ছন্দ মেলাও"
বললাম - আমি নিঃস্ব
তিনি বললেন - "ছন্দ মেলাও"
বললাম - তুমি কি বুঝতে পারছো না যে আমার সব শক্তি নিঃশেষিত !
ঈশ্বর বললেন - "তোমার শক্তি নিঃশেষিত হলেও তোমার অন্তরে যে ঘুমিয়ে আছে,
তার শক্তি কখনও ফুরোতে পারে না !"
বললাম - কে আছে আমার অন্তরে ?
তিনি বললেন - "আমার ঈশ্বরী !"
বললাম - কেমন করে জাগাবো তাকে ?
তিনি বললেন - তাকে বলো ঈশ্বর তার অপেক্ষায় !
তাকে বলো ঈশ্বরী ছন্দ না মেলালে ঈশ্বর নৃত্যপরা হবে কোন সুখে !
জানো না , আমার সব শোক, সব সুখ , সৃজনের ছন্দ আনন্দ তার কাছে গচ্ছিত রেখেছি !
তাকে জাগাও , ছন্দ মেলাও।"
বললাম - মানবীর মধ্যে কোন ঈশ্বরীকে খুঁজে পাও তুমি ?
কেমন করে তাকে চিনবো ... কেমন করে জাগিয়ে তুলবো
তাকে , বলে দাও ...।
ঈশ্বর বললেন - "যেমন করে স্থবির মেঘপুঞ্জে ঘুমিয়ে থাকা বিদ্যুৎ লতাকে,
বজ্রের হুঙ্কার জাগিয়ে তুলে ঈশানের দুন্দুভিতে ছন্দ মেলায় ,
ঠিক তেমন করে জাগিয়ে তোলো তোমার অন্তরের ঈশ্বরীকে।
সে জানে জ্বলন্ত অঙ্গারকে রক্তকমল করে তুলতে... ,
যাও , জাগিয়ে তুলে তাকে বলো
আমি আছি তারই অপেক্ষায় !"
Comments
Post a Comment