শিরোনাম - পুরনোই থেকে গেলাম/ কলমে - গৌতম কুমার চক্রবর্তী

শিরোনাম - পুরনোই থেকে গেলাম 
কলমে - গৌতম কুমার চক্রবর্তী 

নতুনের টানে অনেকটা পথ হেঁটে 
ক্লান্ত শরীরে আবার ফিরে আসি
আমার পুরনো জায়গায় ...
যদি দেখা মেলে যা আছে স্মৃতিতে !
চারিদিকে যা দেখি সব‌ই নতুন 
পুরোনো কিছুই নেই আমার ...
যেখানে তোমাকে খুঁজে পেয়েছিলাম 
সেই জায়গাটাও নতুন হয়ে গেছে ...
তুমিও হারিয়ে গেছো নতুনের ভিড়ে !
নতুন করে অনেক কিছু‌ই লিখবো বলে 
লেখা শুরু করি আবার কাটাকাটির পর 
আমার সদ্য নতুন লেখাগুলো ...
কোথায় যেন হারিয়ে যায় !
পুরোনো লেখাগুলো বারে বারেই 
আমাকে আজও ভাবায় !
নতুন করে ছবি আঁকার লোভে 
রং তুলি নিয়ে সাজিয়ে বসি ...
মনের মাঝে সেই পুরনো ছবিগুলোই 
আবার ফিরে আসে ...
আমার সাধের গ্রাম আমার কৈশোর 
আমার যৌবন উজাড় করে দিয়েছি 
যাদের ভালোবেসে !
আমি কিছুতেই আধুনিক যান্ত্রিক 
শহরের ছবি আঁকতে পারছিনা ...
সহসা নতুন কোনো কবিতা আবৃত্তি 
করার লোভ সামলাতে না পেরে ...
যখন কবিতার বই নিয়ে বসি 
তখনো পুরনো কবিতাগুলো ...
মনের অজান্তেই গুনগুনিয়ে ওঠে !
আজও পুরনো গানের সুরে তাল মিলিয়ে 
বেঁচে থাকার অভ্যাস ছাড়তে পারিনা ...
এ মনে নতুনকে মানিয়ে নিয়েও
পুরনোকেই ভালোবেসে ফেলি বারবার !
আমি তাই পুরনোই থেকে গেলাম ...

           -------------------------
তারিখ - ১৯.০৫.২০২৫

Comments

Popular posts from this blog

প্রণাম গ্রহণ করো নির্মম/ কলমে- ইলা রায় মল্লিক

শিরোনাম- বাউল/ কবি- ইলা রায় মল্লিক

পানিহাটিতে মনোনয়ন জমা: আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা প্রার্থী, বিজেপির আক্রমণে তৃণমূল